বাবাকে নৌকায় আটকে রেখে দুই মেয়েকে ধর্ষণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনা নদীর চরে দুই বোন ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের বাবাকে নদীতে একটি নৌকায় আটকে রাখা হয়। এ ঘটনায় গত রোববার রাতে ভূঞাপুর থানায় মামলা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার একটি গ্রামের ওই কৃষকের দুই মেয়ে (২৩ বছর ও ১৯ বছর বয়সী) গাজীপুরে পোশাক কারখানায় কাজ করেন। তাঁরা নববর্ষ উপলক্ষে গত ১৩ এপ্রিল গ্রামের বাড়ি ফিরছিলেন। ফিরতে রাত হতে পারে বলে মুঠোফোনে তাঁরা বিষয়টি তাঁদের বাবাকে জানিয়েছিলেন। পরে সুজাল (২৮) নামের স্থানীয় একজনের নৌকা ভাড়া করে তাঁদের বাবা গোবিন্দাসী ঘাটে যান। ঘাট থেকে রাত সাড়ে নয়টার দিকে দুই মেয়েকে নিয়ে ওই কৃষক নৌকায় বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত ১০টার দিকে রামপুর এলাকায় পৌঁছালে নৌকাচালক সুজালের যোগসাজশে একই উপজেলার বিহারীর চরের আসাদুলের (৩০) নেতৃত্বে নজরুল (৩০), রকমান (২২), সাইদুল (২৫) অপর একটি নৌকায় এসে তাঁদের গতিরোধ করে। এ সময় দুই বোনের সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁদের বাবাকে নৌকায় আটকে রেখে দুই বোনকে চরে নামিয়ে আসাদুল ও রকমান ধর্ষণ করেন। চলে যাওয়ার আগে এ ঘটনা ফাঁস করা হলে ধর্ষণের শিকার দুই মেয়ে ও বাবাসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দেওয়া হয়। এ কারণে পরিবারটি লোকলজ্জা ও প্রাণভয়ে কিছুদিন ঘটনাটি নিজের মধ্যে চেপে রাখেন। কিন্তু একপর্যায়ে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা পরিবারটির পাশে দাঁড়ান। পরে এলাকাবাসীর সহযোগিতায় রোববার রাতে ওই কৃষক বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ভূঞাপুর থানায় মামলা করেন।
মামলার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল কবির প্রথম আলোকে জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের উদ্দেশে রাতেই অভিযান চালানো হয়। কিন্তু আসামিরা পলাতক। এ ছাড়া ধর্ষণের শিকার দুই বোনের ডাক্তারি পরীক্ষা গতকাল সোমবার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। পরে তাঁদের টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে নেওয়া হয়। সেখানে জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়ার কাছে তাঁরা জবানবন্দি দেন।