বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে খুন

খুলনার তেরখাদা উপজেলায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় বাবাকে বাঁচাতে এলে দুর্বৃত্তদের আঘাতে নিহত হন ছেলে। গতকাল মঙ্গলবার উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নাঈম শেখ (২৫)। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিহত নাঈমের বাবা পিরু শেখকে গুরুতর অবস্থায় ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের কয়েকজন লোক সিঁধ কেটে পিরু শেখের বাড়িতে ঢোকে। পিরু শেখের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করলে পাশের ঘর থেকে তাঁকে বাঁচাতে আসেন ছেলে নাঈম। এ সময় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে মারা যান নাঈম।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, নাঈমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। এখনো কাউকে আটক করা যায়নি। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।