বাবাকে মারধর, ছেলের আট মাসের কারাদণ্ড
বাবাকে মারধর এবং চাচার ওপর হামলা চালানোর ঘটনায় এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত আট মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইসমাইল হোসেন ওরফে পিন্টু ভূঁইয়া (৩৫)। তাঁর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর গ্রামে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল ফয়সাল এ সাজা দেন। তিনি প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে গতকাল দুপুর ১২টার দিকে তিনি কালিকাপুর গ্রামে যান। ঘটনাস্থল থেকে হাতেনাতে ইসমাইলকে আটক করেন তিনি। পরে তাৎক্ষণিকভাবে তাঁকে সাজা দেওয়া হয়।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, জমি নিয়ে কথা-কাটাকাটির জের ধরে গতকাল সকালে বাড়ির পাশে বাবা ছিদ্দিক আহমেদ ভূঁইয়াকে (৫৫) মারধর করেন ইসমাইল হোসেন। এ সময় চাচা কবির আহমেদ ভূঁইয়া সেখানে উপস্থিত হন। তাঁর ওপরও হামলা করেন ইসমাইল। একপর্যায়ে গ্রামের লোকজন বিষয়টি ইউএনওকে জানান। তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তখন গ্রামের লোকজন ইউএনওকে জানান, এলাকার আরও অনেকের জমি দখলের চেষ্টা করছেন ইসমাইল। এ সময় ইউএনও ইসমাইলকে আটক করার নির্দেশ দেন। উপস্থিত লোকজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইসমাইলকে আট মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।