বাবাকে শেষবার দেখতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে দুবাই প্রবাসী

বাবার মৃত্যু সংবাদ শুনে দেশে ফিরেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক দুবাই প্রবাসী। এতে তাঁকে পাসপোর্টসহ প্রয়োজনীয় সকল কিছুই খোয়াতে হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী ওই ব্যক্তি অচেতন অবস্থায় রয়েছেন।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তির নাম নাজিম উদ্দিন (৩০)। তাঁর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব গ্রামে। শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নাজিম উদ্দিনের পরিবার সূত্রে জানা গেছে, তাঁর বাবা নূরুল ইসলাম শুক্রবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে ফেরার জন্য তাৎক্ষণিক বিমানের টিকিট কাটেন। শনিবার ভোরে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। সেখান থেকে ভালুকায় আসার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর নগদ টাকা, পাসপোর্ট, ফিরতি বিমানের টিকিটসহ সঙ্গে থাকা মূল্যবান সব মালামাল নিয়ে যায়।
নাজিম উদ্দিনের পরিবার জানায়, নাজিম উদ্দিনকে বাসের সুপারভাইজার ও হেলপার ময়মনসিংহ ব্রিজ (শম্ভুগঞ্জ) বাসস্ট্যান্ডে ফেলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে নাজিম উদ্দিনকে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসে। পরিবারের সদস্যরা তাঁকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নাজিম উদ্দিনের শ্যালক মামুন বলেন, ময়মনসিংহ থেকে সকাল ১০টার দিকে কয়েক জন ব্যক্তি তাঁকে বাড়িতে নিয়ে আসে। তাঁর সঙ্গে পাসপোর্ট, ফিরতি বিমানের টিকিটসহ কোনো মালামাল ছিল না। এখন পর্যন্ত সে অচেতন। তাঁর বাবা নূরুল ইসলামের দাফন শুক্রবার বিকেলেই সম্পন্ন হয়েছে।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক নাঈমা আক্তার বলেন, নাজিম উদ্দিনকে কোনো কিছু খাইয়ে অজ্ঞান করা হয়েছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত তাঁর চেতনা ফেরেনি।