পুরান ঢাকার লালবাগে ঘরে বিস্ফোরিত বোমাটি নিহত শিশু মিরাজের (৭) বাবা ইয়াকুব আলীই ঘরে রেখেছিলেন বলে সন্দেহ করছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেহার কাছ থেকেও এর পক্ষে তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজউদ্দিন গতকাল শুক্রবার এমন তথ্য দিয়েছেন।
উপকমিশনার মফিজউদ্দিন প্রথম আলোকে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন নেহা আক্তার (১০) গতকাল পুলিশকে বলেছে, ঘরে পাওয়া পাইপ আকৃতির একটি বস্তুর সুইচে চাপ লাগলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে এই বোমা কে ঘরে এনেছে, কোথা থেকে এসেছে, সে বিষয়ে সে কিছুই জানে না। পুলিশ সন্দেহ করছে, মিরাজ ও নেহার বাবা ইয়াকুবই বাসায় বোমাটি রেখেছিলেন। বোমাটি তিনিই তৈরি করেছেন।
গত বৃহস্পতিবার বিস্ফোরণের পর ইয়াকুব আলী দাবি করেন, বাইরে থেকে কেউ বোমাটি তাঁর ঘরে ছুড়ে মেরেছে। তিনি বোমা তৈরির সঙ্গে জড়িত নন। ঘটনার পর ইয়াকুব ও তাঁর স্ত্রীকে পুলিশ আটক করলেও পরে স্ত্রীকে ছেড়ে দেয়।
চকবাজার থানার পুলিশ জানায়, বাসায় বোমা রেখে প্রাণহানি ঘটানোর অভিযোগে মামলায় ইয়াকুবকে আসামি করা হবে। সন্ধ্যায় চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, ইয়াকুবের অতীত রেকর্ডও ভালো নয়। ২০১২ সালে মাদকের মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন।
বৃহস্পতিবার বিকেলে লালবাগ কেল্লার মোড়ে কাজী রিয়াজউদ্দিন রোডে ইয়াকুব আলীর ঘরে বোমা বিস্ফোরণে তাঁর ছেলে মিরাজ মারা যায়।
গুরুতর আহত মেয়ে নেহাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা বলেছেন, তার অবস্থার উন্নতি হচ্ছে। বোমার আঘাতে তার হাত জখম হয়।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে মিরাজের লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ইলেকট্রনিকস সরঞ্জামের বিষয়ে ইয়াকুব আলীর ভালো জ্ঞান রয়েছে।
অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, আলামত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণ হওয়া বোমাটি একটি পাইপ বোমা। শিশুরা খেলতে গেলে বোমার সুইচে চাপ পড়ে বিস্ফোরণ ঘটে।