বাবাকে হত্যা করার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাবাকে হত্যা করার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সিরাজ হাওলাদার (৭০)। তাঁর গ্রেপ্তার হওয়া ছেলের নাম কামাল হাওলাদার (২৫)। তাঁদের বাড়ি উপজেলার রোলা গ্রামে।
পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামানের ভাষ্য, কামাল আজ সকালে নিজেদের গাছের দুই কাঁদি কলা বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়ার সময় তাঁর মাকে তা মাথায় তুলে দিতে বলেন। মা জয়তুন্নেছা (৫৫) কলার কাঁদি তাঁর ছেলের মাথায় উঠিয়ে দেওয়ার সময় তা পড়ে গিয়ে নষ্ট হয়। এ জন্য মায়ের কাছে টাকা দাবি করেন কামাল। নিজের কাছে টাকা নেই বলে জানান জয়তুন্নেছা। ছেলেকে তিনি বাবার কাছে টাকা চাইতে বলেন। বাবা সিরাজ হাওলাদার টাকা দিতে অস্বীকৃতি জানান। এ সময় কামাল ক্ষিপ্ত হয়ে ঘরের দরজা বন্ধ করার কাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করেন। সিরাজ অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎ​সকেরা তাঁকে বরিশাল শেরে-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পথে তিনি মারা যান।
খবর পেয়ে কামাল পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করে রাজাপুর থানার পুলিশ।
এ ঘটনায় কামালের বিরুদ্ধে তাঁর মা জয়তুন্নেছা রাজাপুর থানায় একটি হত্যা মামলা করেন।