বাবার কবরের পাশ থেকে ছেলের লাশ উদ্ধার
বগুড়ার ধুনটে বাবার কবরের পাশের একটি গাছ থেকে গতকাল বুধবার আয়নাল হক (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আয়নাল হক ধুনট উপজেলার চিকাশি গ্রামের আবদুল আজিজের ছেলে।
একই দিন নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
চিকাশি এলাকাবাসী সূত্র জানায়, আয়নাল হক গত মঙ্গলবার মধ্যরাত থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন তাঁকে খুঁজেও পাননি। গতকাল বুধবার সকালে বাড়ির কাছে তাঁর বাবার কবরের পাশে একটি গাছের সঙ্গে গলায় রশি বাঁধা আয়নাল হককে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন দেখতে পান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে বেলা ১১টার দিকে আয়নাল হকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এ মৃত্যুর রহস্য জানা সম্ভব হয়নি। এ ঘটনায় ধুনট থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করা হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মান্দা থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিয়ামতপুরের বটতলী বাজার থেকে যাত্রীবাহী একটি ভটভটি মান্দার গোপালপুর বাজারে আসার পথে ফেটগ্রাম নিচপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভটভটির যাত্রী সিদ্দিকুর রহমান নিহত এবং আনোয়ার হোসেন (২০) আহত হন। সিদ্দিকুর উপজেলার পরানপুর গ্রামের বাসিন্দা ছিলেন।