বাবার কাছ থেকে টাকা আদায়ে 'অপহরণ' নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাবার কাছ থেকে টাকা আদায় করতে ফিরোজ মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ী ‘অপহরণ’ নাটক করেছেন। ওই ব্যবসায়ী এ বিষয়ে গত বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দিয়েছেন। পুলিশ ও আদালত সূত্রে এ তথ্য জানা যায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিন বছর খানেক আগে জমি বিক্রি করে ১৪-১৫ লাখ টাকা ছেলে ফিরোজ মিয়ার ব্যাংক হিসাবে জমা রাখেন। সম্প্রতি জয়নালের মেয়ে তাঁর কাছে দুই লাখ টাকা চান। জয়নাল ছেলেকে ব্যাংক থেকে সে টাকা তুলে দিতে বলেন। কিন্তু ফিরোজ নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। ১৮ আগস্ট তিনি (ফিরোজ) বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হন। পরে আর তাঁর খোঁজ মেলেনি। ওই দিন রাতে ফিরোজের মুঠোফোন থেকে বাড়ির মুঠোফোনে একটি কল আসে। অজ্ঞাতনামা এক যুবক মুঠোফোনে বলেন, ফিরোজকে তাঁরা অপহরণ করেছেন। তাঁকে ছাড়িয়ে নিতে মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করা হয়।
পরদিন অপহরণের অভিযোগে ফিরোজের বাবা জয়নাল বাদী হয়ে জুড়ী থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও ফিরোজকে উদ্ধার করতে পারেনি। ফিরোজ ২১ আগস্ট বিকেলে স্বেচ্ছায় বাড়িতে ফিরে আসেন। এতে সন্দেহ হওয়ায় পুলিশ তাঁকে আটক করে। এরপর তাঁকে গত বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাবিবুর রহমান চৌধুরীর ৩ নম্বর আমলি আদালতে হাজির করা হয়।
আদালতে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী জানান, ১৮ আগস্ট বাড়ি থেকে বেরিয়ে ফিরোজ সিএনজিচালিত অটোরিকশায় করে পাশের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় পূর্বপরিচিত রনি ও সুলতানের কাছে চলে যান। তিনজন মিলে টাকা আদায়ে ‘অপহরণ’ নাটকের পরিকল্পনা করেন। এতে কোনো কাজ হচ্ছে না দেখে ফিরোজ বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফিরোজ বলেন, ‘আগের সব টাকা তো শেষ। মনে করছিলাম, আব্বা (জয়নাল) আরও কিছু জমি বিক্রি করে টাকা দেবে। কিন্তু পুলিশের কাছে যাওয়ায় প্ল্যান (পরিকল্পনা) নষ্ট অই গেছে।’
ফিরোজের বাবা জয়নাল আবেদিন বলেন, ‘অপহরণের কথা শুনে পরিবারের কারও খাওয়া-ঘুম নাই। সবাই চিন্তায় পড়ে গেছিল। সে (ফিরোজ) যে এমন কাজ করবে—এইটা ভাবতেই পারছি না।’