বাবার কাছ থেকে টাকা আদায়ে অপহরণ নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে বাবার কাছ থেকে টাকা আদায়ের জন্য ছেলে অপহরণ নাটক সাজিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ছেলে মাজেদুল ইসলাম খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে উদ্ধার করে রাঙামাটি জেলায় এক আত্মীয়ের বাসায় রাখা হয়েছে।
মাজেদুল (১৮) সখীপুর উপজেলার দেওবাড়ি এলাকার সোনা মিয়ার ছেলে। আজ শনিবার তাঁর বাড়ি ফিরে আসার কথা রয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার সকালে উপজেলার সরকারি মুজিব কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্র মাজেদুল কলেজে যাওয়ার কথা বলে আর বাড়ি ফেরেননি। ওই দিন বিকেলেই তাঁর বন্ধু রাব্বি ও চাচা রফিকুলের মুঠোফোনে কল করে মাজেদুল জানিয়ে দেন তাঁকে দুর্বৃত্তরা অপহরণ করেছে। তাঁকে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে। ২০ হাজার টাকা বিকাশে পাঠালে তাঁকে অপহরণকারীরা ছেড়ে দিতে পারে। এ ঘটনায় পরদিন সকালে মাজেদুলের বাবা সোনা মিয়া বাদী হয়ে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ বুধবার বেলা ১১টায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারে মাজেদুল খাগড়াছড়ির দীঘিনালায় অবস্থান করছেন। গত বৃহস্পতিবার মাজেদুলের মুঠোফোন আবার খোলা হয়। রাঙামাটিতে থাকা মাজেদুলের এক আত্মীয় খাগড়াছড়ির দীঘিনালায় অবস্থান করে অবশেষে কৌশলে গতকাল সকালে তাঁকে খুঁজে পান।
মাজেদুলের বাবা সোনা মিয়া জানান, ‘কোনো চক্র আমার ছেলেকে অপহরণ করেনি। আমার ছেলে নিজেই টাকার জন্য অপহরণের নাটক সাজিয়েছিল।’মাজেদুলের মুঠোফোনে অপহরণের নাটক সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো কথা না বলে লাইন কেটে দেন।