বাবার ছুরিকাঘাতেই শিশু বীথির মৃত্যু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে প্রতিপক্ষকে ফাঁসাতে বাবা দীন ইসলাম নিজের ১৭ মাসের মেয়ে বীথিকে ছুরিকাঘাত করেছেন বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শিশুটি পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে শিশুটির মা বিউটি আক্তার দাবি করেন, তাঁর স্বামী নির্দোষ।

সিআইডির পরিদর্শক কাজী নাছির উদ্দিন বাদী হয়ে দীন ইসলামকে আসামি করে গত রোববার হত্যা মামলা করেছেন। গতকাল সোমবার সিআইডি দীন ইসলামকে গ্রেপ্তার করে তাদের কার্যালয়ে নিয়ে গেছে।

স্থানীয় সূত্র বলছে, গত বছরের ১৩ মার্চ ১৭ মাসের শিশু বীথি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। ৫ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীথি মারা যায়। এ ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করেন বীথির মা ও বাবা।

সিআইডির করা হত্যা মামলার এজাহারে বলা হয়েছে, একই এলাকার বাসিন্দা মো. শাহজাহান ব্যাপারীর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল দীন ইসলামের। গত বছরের ১৩ মার্চ দীন ইসলাম বীথিকে চণ্ডীপাশা মৌজার ৭৬৭ নম্বর দাগের জমিতে নিয়ে ছুরিকাঘাত করেন। এ ঘটনার পর শাহজাহানসহ ১১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে নান্দাইল মডেল থানায় মামলা করেন দীন ইসলাম। পরে ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। তদন্তে নামে সিআইডি।

সিআইডির পরিদর্শক কাজী আনিছ প্রথম আলোকে বলেন, তদন্ত করার সময় তিনি বীথিকে ছুরিকাঘাত করার ঘটনার প্রত্যক্ষদর্শী তিনজন ব্যক্তিকে খুঁজে পান। সাক্ষীরা আদালতে গিয়ে ঘটনা বিবরণ দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তিনি বলেন, দীন ইসলাম নিজের সন্তানকে ছুরিকাঘাত করলেও হত্যার উদ্দেশ্য ছিল না। সন্তানকে আহত করে ঘটনার দায় প্রতিপক্ষের বিরুদ্ধে চাপাতে চেয়েছিলেন।