
ছেলের শোকসভায় কথা বলার শক্তি ছিল না মা সখিনা বেগমের। দুই পাশে দুজন তাঁকে ধরে মঞ্চে বসান। সখিনা বেগমের গাল বেয়ে ঝরে শুধু অশ্রু। আর বাবার শোকসভায় বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন ছেলে সৌমিন শাহরিদ জেভিন, কাঁদালেন অন্যদের।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক এ কে এম শফিউল ইসলামের শোকসভায় সৃষ্টি হয় এমনই পরিবেশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সমাজবিজ্ঞান সমিতির ওই শোকসভায় বাবা সম্পর্কে বলতে গিয়ে সৌমিন কাঁদলেন, কাঁদালেনও। মমতাজউদ্দীন কলাভবনে সমাজবিজ্ঞান বিভাগের কক্ষে এ সভা হয়।
‘আমার মা নেই, বাবা নেই। আমি অসহায়, আমি এতিম। আমি এখন কী নিয়ে বাঁচব? বেঁচে থাকাটাই এখন আমার জন্য শাস্তি।’ সৌমিনের কণ্ঠে ফুটে উঠছিল অসহায়ত্বের ছবি।
২০০২ সালে মাকে হারান সৌমিন। এবার হারালেন বাবাকে। সৌমিনের আক্ষেপ, ‘যিনি চলে গেছেন, তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন। আমার এখন রাগ হয়, তিনি কেন শুধু আমার বাবাই থাকলেন না? কেন আমার এত ভালো বন্ধু হলেন?’ ক্ষোভ প্রকাশ করে আরও বললেন, ‘যে মানুষটা প্রাণীর প্রতি সহিংসতা নয়—এই ভেবে আমিষ খাওয়াই ছেড়ে দিয়েছিলেন, তাঁকে কেন এমন নৃশংসভাবে খুন হতে হলো?’
অধ্যাপক শফিউলের বোন ওয়াসিম রুমানা বলেন, ‘আন্দোলন যদি ম্লান হয়ে যায়, তাহলে রক্ত আবারও ঝরবে। আপনারা আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত বিচার করুন। যাতে আর কোনো মা, কোনো বোনকে এভাবে কাঁদতে না হয়।’
বিভাগের শিক্ষক মাহবুবা সরকারের পরিচালনায় শোকসভায় আরও বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নীলুফার সুলতানা, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম প্রমুখ। উপাচার্য খুনিদের বিচারের দাবি করে বলেন, ‘অধ্যাপক শফিউলের রক্তের মধ্য দিয়ে হলেও যেন বিশ্ববিদ্যালয়ে রক্ত ঝরা শেষ হয়। আর যেন কারও রক্ত না ঝরে, আমরা তার দাবি জানাই।’
গত শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে চৌদ্দপাই এলাকায় নিজের ভাড়া বাড়ির কাছে দুর্বৃত্তদের হামলায় খুন হন অধ্যাপক শফিউল।
বাসা খুলে দিল পুলিশ: অধ্যাপক শফিউল নিহত হওয়ার ছয় দিন পর গতকাল বিকেল পাঁচটার দিকে তাঁর ভাড়া বাসা খুলে দিয়েছে পুলিশ। বাসায় ঢুকেই কান্নায় ভেঙে পড়েন তাঁর মা ও বোন। এ সময় রাজশাহী মহানগর পুলিশের নতুন কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন উপস্থিত ছিলেন। তিনি এ হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে জানান, যে ১১ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে, রিমান্ড শেষে কাল (শুক্রবার) তাঁদের আদালতে পাঠানো হবে। তবে তাঁদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কি না, সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
ছাত্রলীগের আলটিমেটাম: খুনিদের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের জড়িত থাকার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আশরাফুল আলমকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ছাত্রলীগ। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন থেকে এ আলটিমেটাম ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক আহমদ আলী মোল্লা, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান।
স্মারকলিপি: খুনিদের শনাক্ত করে শাস্তির দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। সংগঠনের সভাপতি মো. সাহাবুদ্দিন সিহাব ও সাধারণ সম্পাদক কনিকা গোপ স্বাক্ষরিত এ স্মারকলিপিতে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিভিন্ন দাবি জানানো হয়।
মানববন্ধন: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতিও খুনিদের শাস্তির দাবি জানিয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা এ দাবি জানায়। সংগঠনের সাবেক সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আইয়ুব আলী খান, বাবুল খান, কামরুজ্জামান, প্রতিমা কুন্ডু প্রমুখ বক্তব্য দেন।