বাবার দায়ের কোপে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু!
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গায়নাকাটা গ্রামে মিয়ানমারের এক রোহিঙ্গা তাঁর ঘুমন্ত দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু জামাল হোসেন (৬) ও তানজিনা বেগম (৩)। তাদের বাবা আবুল কাশেম (৪৫) মিয়ানমারের আকিয়াব জেলার বাসিন্দা। কাশেম কয়েক বছর ধরে শরণার্থী হিসেবে সপরিবারে গায়নাকাটায় বাস করছেন।
আবুল কাশেমের স্ত্রী সাইয়া খাতুনের (৩৮) ভাষ্য, কাশেম মাঝেমধ্যে পাগলামি করতেন। সংসারে আর্থিক অনটনের কারণে তাঁদের মধ্যে প্রায়ই কলহ হতো। গতকাল সোমবার গভীর রাতে হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠেন কাশেম। এরপর তিনি দা দিয়ে তাঁর (সাইয়া) হাতে কোপ মারেন। সাইয়া দৌড়ে ঘর থেকে বের হয়ে যান। কাশেম তখন ঘুমিয়ে থাকা জামাল ও তানজিনাকে কুপিয়ে হত্যা করেন। ঘরের ভেতর বেঁধে রাখা তিনটি ছাগল কুপিয়ে মেরে ফেলেন কাশেম।
কাশেমের প্রতিবেশীদের বরাত দিয়ে হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা (আইসি) শিমুল চৌধুরীর ভাষ্য, রাতে সাইয়া ছুটে গিয়ে প্রতিবেশীদের জানান স্বামী কাশেম তাঁকে দা দিয়ে কোপ মেরেছেন। প্রতিবেশীরা পুলিশ ফাঁড়িতে খবর দেন। এরপর দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাশেমকে আটক করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কোপে জখম হওয়া তাঁর দুই সন্তান মারা যায়।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল চকরিয়া) মো. মাসুদ আলমের তথ্যমতে, কাশেম ও তাঁর পরিবারের সদস্যরা মিয়ানমারের নাগরিক। কাশেমের স্ত্রী ও প্রতিবেশীদের ভাষ্যমতে, কাশেম মানসিক ভারসাম্যহীন। কাশেম ও তাঁর স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য দুই শিশুর লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাশেমের স্ত্রী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।