বাবার দেওয়া আগুনে ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় শরীরে পেট্রল ঢেলে ধরিয়ে দেওয়া আগুনে চার বছরের শিশু আবিদ মিয়া মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। শিশুটির বাবা মাহবুব মিয়ার (২৫) অবস্থাও আশঙ্কাজনক। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

মাহবুব শহরের মোক্তারপাড়া কো–অপারেটিভ ব্যাংক এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুব মিয়া পাঁচ বছর আগে একই উপজেলায় রুমানা খাতুনকে বিয়ে করেন। বিয়ের এক বছর পর থেকে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পরিবারে কলহ চলছিল। তিন বছর আগে ছেলে আবিদকে রেখে রুমানা বাবার বাড়ি চলে যান। এরপর মাহবুব আরও বেপরোয়া হয়ে পড়েন। প্রায়ই নেশার টাকার জন্য মা–বাবার ওপর চাপ দিতেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে মা মঞ্জুরা বেগমকে দুই হাজার টাকা দেওয়ার জন্য চাপ দেন। মঞ্জুরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মাহবুব ক্ষিপ্ত হয়ে তাঁর মোটরসাইকেল থেকে পেট্রল সংগ্রহ করে মোটরসাইকেলটি দা দিয়ে কুপিয়ে বাসার পাশে মগড়া নদীতে ফেলে দেন। এরপর তিনি তাঁর চার বছরের শিশু আবিদ মিয়ার শরীরে পেট্রল ঢেলে দেন। পরে তা আবার নিজের শরীরেও ঢেলে দেশলাই দিয়ে প্রথমে শিশুটির শরীরে আগুন ধরিয়ে দেন। পরে নিজের শরীরে আগুন দেন। এ সময় তাঁদের চিৎকারের মাহবুবের মা ও তাঁর ছোট ভাই মাহফুজ মিয়া (১৮) আগুন নেভাতে এলে তাঁরাও দগ্ধ হন। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে পরদিন গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গাজীপুরের মাওনা এলাকায় শিশু আবিদ মিয়া মারা যায়।