বাবার নির্যাতন সইতে না পেরে গায়ে আগুন!
নওগাঁর বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়নের চকজালাল গ্রামে দুই সন্তানের মা মাহফুজা বেগম (৩০) গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। ওই নারী তাঁর বাবার শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে। অগ্নিদগ্ধ মাহফুজা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের কারণে স্বামীর সঙ্গে দেড় বছর আগে ছাড়াছাড়ি হয় মাহফুজার। এরপর থেকে ছোট সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতেই থাকতেন। সম্প্রতি মাহফুজা আগের স্বামীর সঙ্গে আবার ঘর-সংসার শুরু করতে চাইছিলেন। তাঁর আগের স্বামীও রাজি ছিলেন। কিন্তু বাদ সাধেন মাহফুজার বাবা মফিজউদ্দিন। তিনি কোনোমতেই মেয়েকে আগের স্বামীর কাছে যেতে দিতে রাজি ছিলেন না। মেয়ে যাতে বাড়ির বাইরে না যেতে পারেন, তাই সপ্তাহ খানেক ধরে তিনি মাহফুজার পায়ে শিকল পরিয়ে আটকে রেখেছিলেন। শেষ পর্যন্ত গত রোববার বিকেলে মাহফুজা কৌশলে শিকল খুলে বাড়ির উঠানে এসে শরীরে ডিজেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভিয়ে মাহফুজাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য পরদিন সোমবার তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি ওই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
হাসপাতালে অগ্নিদগ্ধ মাহফুজার সঙ্গে থাকা তাঁর ফুফু আলেয়া বেগম গতকাল মঙ্গলবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হাসপাতালের বার্ন ইউনিটের ২৯ নম্বর কক্ষের ১৪ নম্বর শয্যায় মাহফুজার চিকিৎসা চলছে। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, মাহফুজার শরীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তবে তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। মাহফুজার বাবাও হাসপাতালে তাঁদের সঙ্গে আছেন।
মাহফুজার বাবা মফিজ উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে মাহফুজার উপরা (জিন-ভূত) ভর করেছিল। এ কারণে তাকে ঘরে আটকে রেখেছিলাম। সে ঘর থেকে বেরিয়ে গায়ে আগুন দিয়েছে।’
মথুরাপুর ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে রাজু বলেন, মাহফুজা বেগম তাঁর আগের স্বামীর কাছে যেতে চেয়েছিলেন। তাই তাঁর বাবা তাঁকে শিকল দিয়ে বেঁধে ঘরে বন্দী করে রেখেছিলেন। মাহফুজা কৌশলে মুক্ত হয়ে ঘরের বারান্দায় থাকা ডিজেল গায়ে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেন। প্রতিবেশীরা এসে আগুন নেভায়। তিনি আরও বলেন, ‘মাহফুজাকে হাসপাতালে নেওয়ার পথে তার বাবা বাধা দিয়েছিলেন। আমরা বাধা উপেক্ষা করে তাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’
ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান জানান, মাহফুজার বাবাও গরিব মানুষ। বসতবাড়ি ছাড়া কিছুই নেই। মাহফুজা গাভি পালতেন। সেই গাভি বিক্রি করে এবং গ্রামবাসীর কাছ থেকে চাঁদা তুলে সেই টাকায় মাহফুজার চিকিৎসা চলছে।
ইউপি চেয়ারম্যান টিপু চৌধুরী বলেন, ‘মেয়েটি যে তার বাবার এ ধরনের নির্যাতনের শিকার হচ্ছিল, তা আমাদের কেউ আগে জানায়নি।’