বাবার পাতানো ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছের খামারে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন বাবা। সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে রংপুরের বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা লিচুবাগান গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটেছে।

নিহত কিশোর সাগর হোসেন (১৫) পৌরসভার শংকরপুর মণ্ডলপাড়া গ্রামের মহিদুল হকের ছেলে।

 স্থানীয় সূত্রে জানা যায়, মহিদুল হক দুই মাস আগে বালুয়াভাটা লিচুবাগান গ্রামে একটি পুকুর বন্দোবস্ত নিয়ে বিদেশি জাতের মাগুর মাছের চাষ শুরু করেন। মাছের খাবার হিসেবে মরা মুরগি ও মুরগির নাড়িভুঁড়ি তিনি পুকুরে দিতেন। প্রায় সময় কুকুর নেমে তা খেয়ে ফেলত। এ জন্য তিনি পাশের একটি বাড়ি থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে পুকুরের চারপাশে তার টেনে বিদ্যুতায়িত করেন। এতে ওই ব্যবসায়ী সুফলও পান। ইতিমধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১০টি কুকুর মারা গেছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে মহিদুলের ছেলে সাগর হোসেন বাজার থেকে মুরগির নাড়িভুঁড়ি নিয়ে ওই পুকুরে দিতে যায়। একপর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ অভিযোগ অস্বীকার করে মহিদুল হক বলেন, তাঁর ছেলে পুকুরপাড়ে সেচযন্ত্রের তারে জড়িয়ে মারা গেছে।