বাবার মতো ছেলেকেও পিটিয়ে হত্যা!
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি গ্রামে জমিজমাসংক্রান্ত বিবাদে মকবুল হোসেন (৪৮) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার রাতে নিহত মকবুলের স্ত্রী শেফালী বিবি ১৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় আবদুল বারী মণ্ডল ও সেজু মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
ওই গ্রামের চার-পাঁচজন ও থানার পুলিশ সূত্র জানায়, গত বুধবার বিকেলের দিকে কৃষক মকবুল হোসেন নিজ জমির আইল কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন আবদুল বারী মণ্ডলের নেতৃত্বে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মকবুলের ওপর iহামলা চালায় এবং বেদম পেটায়। গুরুতর আহত মকবুলকে বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
প্রায় ৪৪ বছর আগে ওই জমিসংক্রান্ত বিবাদে তাঁর বাবা মজিবর রহমানকেও একইভাবে পেটানো হয়। পরে তিনি ধুঁকে ধুঁকে মারা যান।