বাবার মতোই খুন হলেন ইউপি চেয়ারম্যান নাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭২ সালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন জনপ্রিয় চেয়ারম্যান হামিদ মোল্লা। এর প্রায় ৪৫ বছর পর গতকাল শুক্রবার ভোররাতে একইভাবে খুন হলেন তাঁর ছেলে একই ইউপির চেয়ারম্যান নাহিদুল হোসেন মোল্লা (৪৮)।

খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের গাজীরহাটে নিজের বাগানবাড়ির একটি কক্ষে গুলিবিদ্ধ হন নাহিদুল হোসেন। তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।

প্রায় ৪৫ বছরের ব্যবধানে বাবা ও ছেলের খুন হওয়ার সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্র রয়েছে কি না, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। তাঁদের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে এলাকাবাসী জানান।

গাজীরহাট কালিয়ার হামিদপুর ইউনিয়ন ও খুলনার দিঘলিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা। নাহিদ মোল্লার স্ত্রী পলি খানমের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁরা গাজীরহাটের ওই বাগানবাড়িতে ছিলেন। বাড়ির দোতলার একটি কক্ষে তিনি ঘুমিয়ে ছিলেন। কক্ষের জানালা খোলা ছিল। এর পাশের কক্ষে ছিলেন তাঁর স্বামী। ভোরে হঠাৎ গুলির শব্দে ঘুম ভেঙে গেলে তিনি পাশের কক্ষে গিয়ে দেখেন, স্বামী গুলিবিদ্ধ অবস্থায় ছটফট করছেন। চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি করার পর তিনি মারা যান।

গতকাল দুপুরে গাজীরহাটে গিয়ে দেখা গেছে, নাহিদ মোল্লা হত্যাকাণ্ডের খবরে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গাজীরহাট বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

গতকাল বাদ আসর গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে হামিদপুর ইউনিয়নের নিজ গ্রাম ছিলিমপুরের কবরস্থানে নাহিদ মোল্লাকে দাফন করা হয়।

কালিয়ার হামিদপুর ইউনিয়নের কয়েকজন প্রবীণ ব্যক্তি আলাপকালে বলেন, সত্তরের দশকের শুরুর দিকে হামিদপুর ইউনিয়নের নাম ছিল বেন্দা ইউনিয়ন। নাহিদের বাবা হামিদ মোল্লা এ ইউপির জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। দুর্বৃত্তরা হামিদকে ১৯৭২ সালে গুলি করে হত্যা করে। এরপর হামিদের বড় ছেলে আকবর মোল্লা এ ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। পরিবারটি বিএনপি ঘরানার। এইচ এম এরশাদের সরকারের সময়ে আকবর জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেওয়ার পর ইউনিয়নের নাম বদলে বাবার নামে হামিদপুর নামকরণ করেন। আকবর ২০০৭ সালে হার্ট অ্যাটাকে মারা যান।

আকবরের মৃত্যুর পর ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনে নাহিদ প্রার্থী হলেও কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মহম্মদের কাছে পরাজিত হন। তবে গত বছর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নাহিদ মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সমশের আলী বলেন, ধারণা করা হচ্ছে ভবনের কার্নিশ বেয়ে উঠে সন্ত্রাসীরা জানালা দিয়ে নাহিদকে গুলি করে পালিয়েছে। তাঁর কোমরে গুলি লেগেছে। পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে।