গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ গ্রামের বর রুবেল হোসেনকে নিজ বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে করা এ মামলায় পুলিশকে আসামি করা হয়নি। তবে এ ঘটনায় জয়দেবপুর থানার এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যাহার করা এসআইয়ের নাম আলী আকবর। তাঁকে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, জয়দেবপুর থানার এসআই আলী আকবর ও এসআই ফিরোজ উদ্দিনের নেতৃত্বে রুবেলকে ধরে এনে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়া হয়। গতকাল রাত পর্যন্ত এসআই ফিরোজ ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রুবেলের (২৬) বাবা মো. নূরুল ইসলাম জয়দেবপুর থানায় মামলা করেন। এতে একই এলাকার বাসিন্দা সোহেল মিয়া (২৭), কামাল হোসেন (৬০) ও তাঁর ছেলে আ. রহিম (২৮) এবং লোকমান মিয়া (২২) ও রবিউল ইসলামের (৩২) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েজকনকে আসামি করা হয়েছে।
গতকাল শুক্রবার নূরুল প্রথম আলোকে বলেন, ‘মামলাটি আমার ভাই লিখেছে। পুলিশকে কেন আসামি করা হয়নি, তা আমি জানি না।’ তাঁর ভাই বাবুল হোসেন বলেন, ‘থানার ওসি তাঁকে পরামর্শ দেন জড়িত এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে মামলা করতে। পুলিশের বিরুদ্ধে তাঁরা ব্যবস্থা নিচ্ছেন। তাই এজাহারে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নাম উল্লেখ করা হয়নি। তবে এলাকার ওই পাঁচজনের সঙ্গে এসআই আলী আকবর, এসআই ফিরোজসহ পাঁচ পুলিশ মিলে পিটিয়ে রুবেলের দুই পা ভেঙে দেন।’
গত বুধবার রাতে রুবেলের দুই পা ভেঙে দেওয়ার পর তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসক নূর মোহাম্মদ শামীম গতকাল প্রথম আলোকে জানান, রুবেলের দুই পায়ের হাড় ভেঙে গেছে। তাঁর এক দফা অস্ত্রোপচার করা হয়েছে। আরেকটি অস্ত্রোপচার করতে হবে।
গতকাল সকালে হায়দরাবাদ এলাকায় গিয়ে দেখা যায়, রুবেলদের বাড়ির সামনে তৈরি করা বিয়ের তোরণ। রুবেলদের বাড়ির নুতন একটি ভবনের ছাদ হয়েছে। ওই ছাদের নিচে মেহমানদের জন্য চেয়ার-টেবিল পাতা হয়। সেখানে বর-কনের জন্য তৈরি করা হয় ছোট একটি প্যান্ডেল। ভবনটির পশ্চিমে কিছু দূরে রেললাইন। বাড়ির লোকজন জানায়, রুবেলকে বাড়ি থেকে ধরে নিয়ে ওই রেললাইনের পাশের একটি গর্তেই ফেলা হয়। সেখানে পুলিশ ও ‘দুর্বৃত্তরা’ মিলে পিটিয়ে তাঁর দুই পা ভেঙে দেয়। তারপর সেখানে ফেলে রেখে যায়। পরে আশপাশের বাসিন্দা ও বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে।
দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, রুবেলের দুই পায়ে সাদা ব্যান্ডেজ। তাঁকে ওষুধ দিয়ে ঘুম পারিয়ে রাখা হয়েছে। রুবেলের মাথার পাশে বসে আছেন তাঁর মা জোসনা বেগম। ছেলের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। রুবেলের কথা জিজ্ঞেস করতেই তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, তিন ছেলের মধ্যে বড় ছেলে রুবেলের আজ (গতকাল) বিয়ে হওয়ার কথা ছিল। বাড়ির প্রথম বউ আসবে। কত আনন্দ করার কথা। সেখানে দুঃখের শেষ নাই। এখন জীবন-মরণ সমস্যা। ডাক্তার বলছে, রুবেলের দুই পা ঠিক হতে অনেক দিন সময় লাগবে।’
রুবেলের বাবা নূরুল বলেন, ‘পুলিশ ও সন্ত্রাসীরা মিল্যা আমার ছেলের দুই পা ভাইঙ্গা দিছে। আমি হ্যাগো সবার বিচার চাই।’
এজাহারে পুলিশের নাম না দেওয়ার পরামর্শের কথা অস্বীকার করে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মো. সুলাইমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে মামলার আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।