
ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে ১০টা। অবরুদ্ধ হলি আর্টিজান বেকারির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল একদল পুলিশ। ছোট একটা হ্যান্ডমাইক দিয়ে আর্টিজান চত্বরে ঢোকার মুখে দাঁড়িয়ে একজন কর্মকর্তা জিম্মিকারীদের উদ্দেশে বলছিলেন, ‘ভেতরে কে কে আছেন, বের হয়ে আসুন।’
বাক্যটি একবার বলতেই দুম দুম করে ফাটানো হলো বোমা। ভেতর থেকে ছোড়া হলো গুলি। পুলিশের কয়েকজন কর্মকর্তা মাটিতে লুটিয়ে পড়লেন। বাকিরা দৌড়ে পিছু হটলেন। এখানে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে মারা যান গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (এসি) রবিউল করিম।
গতকাল শনিবার বেলা একটার দিকে এসি রবিউলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক সোহেল মাহমুদ জানান, তাঁর শরীরে স্প্লিন্টার পাওয়া গেছে। স্প্লিন্টারের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। তিনি বলেন, একটি স্প্লিন্টার রবিউলের বুকের ডান দিক থেকে ঢুকে ফুসফুস ছিদ্র করে ফেলে।
১৯৮৬ সালে মানিকগঞ্জের কাটিগ্রামে জন্ম রবিউলের। তিনি বিসিএস পুলিশের ৩০তম ব্যাচের সদস্য। রবিউল স্ত্রী ও এক ছেলেকে নিয়ে রাজারবাগ পুলিশ কোয়ার্টারে থাকতেন। রবিউলের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁর বাবার বাড়িতে অবস্থান করছেন। তাঁকে মৃত্যুসংবাদ দিতে না চাইলেও তিনি জেনে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে অঝোরে কাঁদছিলেন নিহত রবিউলের ভাই শামসুজ্জামান শামস। শামস বলছিলেন, ‘এটা ফেয়ার হলো না, ভাইয়া। ফেয়ার হলো না। ঈদের আগে আমি আমার মায়ের জন্য ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছি।’
শামস জানালেন, তাঁরা দুই ভাই। নয় বছর আগে তাঁদের বাবা মারা গেছেন। বাবার দেখানো স্বপ্ন পূরণ করতে রবিউল মানিকগঞ্জের কাটিগ্রামে বিকনিং লাইট অর্গানাইজেশন অব ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটি (ব্লুমস) নামে বিশেষায়িত স্কুল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৩১টি প্রতিবন্ধী শিশু পড়ালেখা করছে। ২৪ রোজায় তিনি প্রতিবন্ধী শিশুদের নতুন কাপড় দিতে গিয়েছিলেন। গতকাল আবার যাওয়ার কথা ছিল। ভাই যাচ্ছেন, তবে জীবিত নয়; লাশ হয়ে।
গতকাল বেলা সোয়া দুইটায় রবিউলের মরদেহ রাজারবাগ পুলিশ লাইনে নেওয়া হয়। সেখানে বাদ আসর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সন্ধ্যা ছয়টায় জানাজা শেষে রবিউলের মরদেহ নিয়ে তাঁর আত্মীয়স্বজন মানিকগঞ্জে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। বাবার কবরের পাশে রবিউলকে দাফন করা হয়। প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধিজানান, গতকাল রবিউলের গ্রামের বাড়িতে হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে মা বেগম করিমুন্নেছা ও অন্তঃসত্ত্বা স্ত্রী উম্মে সালমা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা দোতলা ভবনের নিচতলার একটি কক্ষে বাক্রুদ্ধ অবস্থায় শুয়ে আছেন। পাশেই নিশ্চুপ বসে আছে রবিউলের ছয় বছরের শিশুসন্তান।