বাবার লাশ মর্গে, ছেলে-জামাতা হাজতে
সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহীর পবা উপজেলার মদনহাটি গ্রামের মহসিন আলীকে (৬৫) রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় গত শুক্রবার। গতকাল দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ছেলের দুর্ব্যবহারের অভিযোগে ছেলে ও জামাতাকে পিটিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে চিকিৎসকদের দাবি, মহসিনের ছেলে চিকিৎসকের গলা চিপে ধরেছিলেন।
মহসিনের পুত্রবধূ ডলি খাতুন জানান, তাঁর শ্বশুরের জ্বর কমছিল না। বারবার ডাকার পরও নার্স আসেননি। এ অবস্থায় গতকাল তিনি মারা যান। কিছুক্ষণ পর তাঁর দেবর বাবু (৪০) এসে বলেন, ‘তারা আমার বাবাকে দেখলে বাবা মারা যেত না।’ ডলি বলেন, এটা শুনে ইন্টার্নি চিকিৎসকেরা তাঁদের মারধর শুরু করেন। এতে তাঁর বৃদ্ধা শাশুড়িসহ পরিবারের চারজন আহত হন। পুলিশ এসে বাবু ও আনারুলকে ধরে নিয়ে যায়। তাঁর শ্বশুরের লাশ মর্গে নিয়ে যায়। বেলা সোয়া তিনটা পর্যন্ত তাঁকে ও তাঁর শাশুড়িকে ওয়ার্ডে আটকে রাখা হয়।
নগরের রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ বলেন, রোগীর স্বজনেরা চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে খবর পেয়ে রোগীর দুই স্বজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি শফিকুল ইসলাম বলেন, ওই রোগীকে বাঁচানোর জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন। তারপরও রোগী মারা যাওয়ার পর রোগীর ছেলে চিকিৎসকদের গালাগাল দিতে শুরু করেন। তাঁকে বোঝাতে গেলে তাঁরা তিনজন তাঁর গলা চিপে ধরেন। পরে ইন্টার্নি চিকিৎসকেরা এসেছে। সঙ্গে পুলিশ এসে তাঁদের নিয়ে গেছে।