বাবার সঙ্গে নামাজ পড়তে গিয়ে শিশু অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার সঙ্গে মাঠে ঈদের নামাজ পড়তে গিয়েছিল মেদদাত হোসেন নামে আট বছরের এক শিশু। তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মেদদাতের বাবা রাশেদুল ইসলাম। অপহরণকারীরা সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে রাশেদুল জানিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের একটি ঈদগাহে এ ঘটনা ঘটে। মেদদাতের বাড়ি সান্তাহারের বশিপুর মহল্লায়।

গ্রামবাসী ও পরিবারের সদস্যরা জানান, সকালে বাবার সঙ্গে মেদদাত  পাশের ঈদগাহে নামাজ পড়তে যায়। নামাজের একপর্যায়ে সে পাশের দোকানে খাবার কিনতে যায়। এরপর সে আর তার বাবার কাছে ফিরে আসেনি।  অনেক খোঁজাখুঁজির পরও মেদদাতকে পাওয়া যায়নি। ঘটনার এক ঘণ্টা পর মেদদাতের বাবার মোবাইল ফোনে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তারা জানায়, টাকা না দিলে এবং বিষয়টি পুলিশকে জানানো হলে ছেলেকে আর ফেরত দেওয়া হবে না।

সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (টিএসআই) সানোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।