বাবার সঙ্গে বিরোধে ছেলেকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে এক ব্যক্তির সঙ্গে বিরোধের জের ধরে তাঁর শিশুসন্তানকে খালে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ শ্রীপুরের বেতজুরি গ্রামের একটি খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক কিশোরকে গ্রেপ্তার করেছে।
নিহত মো. শাহীন মিয়া (৮) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ জয়দেবপুর গ্রামের এমদাদুল হকের ছেলে। সে শ্রীপুরের বেতজুরি এলাকার সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, শিশুটির বাবা এমদাদুল হক শ্রীপুরের মাস্টারবাড়ি এলাকার মেজর মার্কেটের আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করেন। তাঁর সঙ্গে একই ওয়ার্কশপে কাজ করত এক কিশোর। পরে সেখান থেকে ওই কিশোর অন্য কারখানায় চাকরি নিয়ে চলে যায়। কিন্তু চলে যাওয়ার সময় ওয়ার্কশপের মালিকের দেওয়া দুই মাসের বেতনের টাকা এমদাদ ওই কিশোরকে না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই ওই কিশোর ক্ষিপ্ত হয়ে শাহীনকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই কিশোরের স্বীকারোক্তি অনুযায়ী খাল থেকে শাহীনের ভাসমান লাশ উদ্ধার করে।
নিহত শাহীনের বাবা এমদাদুল হক অভিযোগ করেন, ওই কিশোর গত বুধবার বিকেলে শাহীনকে চকলেট দেওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে বিভিন্ন স্থানে ছেলের খোঁজ করতে গিয়ে তিনি জানতে পারেন শাহীনকে বিকেলে ওই কিশোরের সঙ্গে যেতে দেখেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে শাহীনের পরিবার ওই কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।