বাবার হাতে ছেলে খুনের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে বাবার লাঠিপেটায় ছেলের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম (২৫)।

ওই ঘটনায় আরিফুলের স্ত্রী অন্তরা খাতুন বাদী হয়ে তাঁর শ্বশুর আবুল কাশেমের বিরুদ্ধে জীবননগর থানায় আজ সোমবার বিকেলে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে জমিজমা বিক্রির ঘটনাকে কেন্দ্র করে আবুল কাশেম ও তাঁর ছেলে আরিফুল ইসলামের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আরিফুলকে বেধড়ক লাঠিপেটা করেন তাঁর বাবা। পরে মুমূর্ষু অবস্থায় আরিফুলকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দুপুরে আরিফুল মারা যান। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ঘটনার পর থেকে আবুল কাশেম পলাতক রয়েছেন।