বাবার হাতে ২২ মাস বয়সী শিশু খুন
চাঁপাইনবাবগঞ্জে বাবার হাতে মাহিয়া নামের ২২ মাস বয়সী এক শিশু নৃশংসভাবে খুন হয়েছে। পৌর এলাকার আজাইপুরে গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবার নাম মাহবুব হোসেন (২৮)। র্যা ব-৫-এর সদস্যরা আজাইপুর কাজিপাড়া এলাকা থেকে গতকাল দুপুরে মাহবুবকে গ্রেপ্তার করেন।
নিহত শিশুর ফুফু সাবিনা ইয়াসমিন বলেন, গত ২৮ মে মাহিয়ার বাবার সঙ্গে মা ইয়াসমিনের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ইয়াসমিন তাঁর বাবার বাড়ি পৌর এলাকার ইসলামপুরের নামোচরে চলে যান। এরপর থেকে মাহিয়া দাদি ও ফুফুর কাছেই থাকত। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে মাহিয়া কান্নাকাটি করছিল। এ সময় মাহবুব মেয়েকে নিজ ঘরে নিয়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ বিষয়ে মা ইয়াসমিন বাদী হয়ে মাহবুবকে আসামি করে হত্যা মামলা করেন। গোপন সূত্রে খবর পেয়ে র্যা বের সদস্যরা শহরের আজাইপুর কাজিপাড়া থেকে মাহবুবকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।