বাঁশের বেড়া ও টিনের ছাউনির বাড়ি বিল্লাল হোসেনের। এই বাড়ির উঠানেই কুপিয়ে হত্যা করা হয় কৃষিকাজ করে সংসার চালানো বিল্লালকে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তখনো রক্ত জমাট বেঁধে আছে। পাশেই পড়ে আছে বিল্লালের জামা ও লুঙ্গি। তার পাশে বসে বিলাপ করছেন স্ত্রী মুসলিমা খাতুন। তাঁকে জড়িয়ে ধরে কাঁদছে ছেলে শোভন।
স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র শোভনের বয়স এখনো ১২ পেরোয়নি। সে কান্নাজড়িত কণ্ঠে বলল, ‘প্রায়ই এলাকায় মারামারি হয়। বাড়ির বাইরে রাস্তাঘাটে ঠিকমতো যাওয়া যায় না। ঘর থেকে বের করে এনে আমার বাবাকে মারা হলো। আমার ছোট দুটি বোন আছে। এখন আমাদের কে দেখবে?’
সপ্তম শ্রেণিতে পড়ুয়া একই প্রশ্ন বিজয়ের (১২)। তার বাবা এনামুল হকও গতকাল একইভাবে খুন হয়েছেন। ঘটনার সময় তিনি মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। দুটি বাড়ির মধ্যে দূরত্ব কমবেশি এক কিলোমিটার। কৃষক এনামুলের ছেলে বিজয়ের প্রশ্নগুলো ছিল আরও ঝাঁজালো।