বাবা-ছেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাবা-ছেলের বিরুদ্ধে প্রতারণা ও মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সিংরইল ইউনিয়নের চারটি গ্রামের লোক সংবাদ সম্মেলন করেছেন।
গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিয়ালধরা বাজারে ওই সংবাদ সম্মেলন করা হয়। ‘আমরা সচেতন এলাকাবাসী’র ব্যানারে এর আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক মো. আবদুর রাজ্জাক। সেখানে বারুয়াপাড়া, উদং, মধপুর, পাছ সিংরইল গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।
পাছ সিংরইল গ্রামের মো. হাফিজ উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বারুয়াপাড়া গ্রামের আবদুল মোতালিব ও তাঁর ছেলে মো. ফারুকুজ্জামান প্রতারণা করছেন। প্রতিবাদ করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হচ্ছে।
এ বিষয়ে কথা বলার জন্য আবদুল মোতালিবকে পাওয়া যায়নি। তাঁর ছেলে ফারুকুজ্জামান বলেন, প্রতিপক্ষের সঙ্গে তাঁদের মামলা-মোকদ্দমা চলছে। এ কারণে তাঁরা মিথ্যা অভিযোগ করছেন।