বাবা-মায়ের আবেদনে দুই মাদকাসক্ত কারাগারে
মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে নওগাঁর ধামইরহাটে এক মা এবং বগুড়ার দুপচাঁচিয়ায় আরেক বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাঁদের দুই ছেলেকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।
ধামইরহাটে মাকে মারপিট করার অপরাধে মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন। ছেলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসেন আহমেদের কাছে আবেদন করেন উপজেলার দক্ষিণ চকযাদু গ্রামের শাহেরা বানু। এতে তিনি জানান, কিছুদিন ধরে তাঁর ছেলে শাহাদত আলী (২৫) বিভিন্ন সময় মাদক সেবন করে তাঁকে মারপিট করেন। ছেলের অত্যাচারে তিনিসহ তাঁর পরিবার ও প্রতিবেশীরা চরম বিপদে রয়েছে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএনও শুক্রবার বেলা ১১টায় শাহাদত আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর মণ্ডলপাড়ার মোজাম্মেল হক ও তাঁর পরিবারের সদস্যরা ছেলে আলী নেওয়াজের (২১) অত্যাচারে অতিষ্ঠ হয়ে গতকাল শনিবার সকালে ইউএনও সাইফুর রহমান খানের কাছে হাজির করেন। ইউএনও আদালত বসিয়ে আলী নেওয়াজকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মোজাম্মেল হক জানান, তিনি কয়েক বছর দেশের বাইরে ছিলেন। এ সুযোগে তাঁর ছেলে লেখাপড়া না করে সঙ্গ দোষে নষ্ট হয়। নেশার টাকার জন্য চুরি করে বাড়ির জিনিসপত্র বিক্রি করে। এমনকি পরিবারের লোকজনের ওপর চড়াও হয়।