বাবা-মেয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
গাজীপুরের পোড়াবাড়ী উত্তর সালনা এলাকায় বাবা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
নিহত সাইফুল ইসলামের বড় ছেলে নজরুল ইসলাম গতকাল শুক্রবার থানায় মামলাটি করেন। মামলায় তাঁর বোন আঁখি আক্তারকে বিয়ের প্রস্তাবকারী মনির হোসেনকে প্রধান আসামি এবং মনিরের বোন পারভীন আক্তার, বাবা নূরুল ইসলাম ও মা এবং বিয়ের ঘটক ইউনুস আলীকে আসামি করা হয়।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, এ ঘটনায় পুলিশ মনিরের বাবা নূরুল ইসলামকে গত বৃহস্পতিবার দুপুরে এবং বিয়ের ঘটক ইউনুস আলীকে গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তার করে।
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত বুধবার রাতে পোড়াবাড়ী শাহ সুফি ফসিউদ্দিন উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী আঁখি আক্তার ও তার বাবা সাইফুলকে নিজ ঘরে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।