বাবুগঞ্জে কোটি টাকার কাজ বাঁটোয়ারা?
বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে দরপত্রের লটারিতে অনিয়ম করে ১ কোটি ১৪ লাখ টাকার কাজ পছন্দের ঠিকাদারদের মধ্যে ভাগ করে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা একটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ লটারি হয়।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হানিফ সিকদার বলেন, সম্প্রতি বাবুগঞ্জে চারটি বক্স কালভার্ট নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ২৬ ফুট, ৩০ ফুট, ৩৪ ফুট ও ৫০ ফুট দৈর্ঘ্যের ওই কালভার্টগুলোর নির্মাণকাজে ১ কোটি ১৪ লাখ টাকা প্রাক্কলন করা হয়েছে। গতকাল দুপুরে লটারির মাধ্যমে চারটি প্রতিষ্ঠান কাজগুলো পেয়েছে। উপজেলা চেয়ারম্যান খালিদ হোসেন ও ইউএনও দীপক কুমার রায়ের উপস্থিতিতে এ লটারি হয়।
কয়েকজন ঠিকাদার বলেন, উপজেলা চেয়ারম্যান তাঁর পছন্দের চারজন ঠিকাদার আগে থেকে ঠিক করে রাখেন। পরে তাঁদের মধ্য থেকে একজনকে দিয়ে গতকাল ইউএনওর কার্যালয়ে লটারি করান। ইউএনওকে আড়ালে রেখে লটারি করা হয়। লটারিতে অন্য ঘুঁটি উঠলেও খালিদ হোসেনের পছন্দের লোকের নাম বলা হয়। দু-একজন ঠিকাদার এর প্রতিবাদ করলেও কাজ হয়নি। ইউএনও কয়েকবার ঘুঁটি দেখতে চাইলেও দেখানো হয়নি।
ঠিকাদার মো. লিটন গাজী বলেন, ‘আমি এভাবে লটারি করতে কোথাও দেখিনি। খালিদ হোসেন আগেভাগেই কাজ ভাগ করে দিয়েছেন। নামমাত্র লটারি হয়েছে। এমনকি লটারি করেছেন তাঁর পছন্দের ঠিকাদার। ঘুঁটি যা-ই উঠেছে, ওই চার ঠিকাদারের নাম বলা হয়েছে। আমি প্রতিবাদ করলে ইউএনও ঘুঁটি দেখতে চান। তাঁকে না দেখিয়েই রেখে দেওয়া হয়।’
ইউএনও দীপক কুমার রায় বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে লটারি করলে প্রশ্ন ওঠে। তাই ঠিকাদারদের প্রতিনিধি দিয়ে লটারি করা হয়েছে। আমি ঘুঁটি দেখতে চেয়েছি এটা ঠিক। পরে আমাকে দেখানো হয়েছে। এখানে তেমন অনিয়ম হয়নি।’
অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘সবার উপস্থিতিতে লটারি হয়েছে। লটারি করেছে প্রশাসন। আমি কেবল সেখানে বসে ছিলাম। দু-একজন ঠিকাদার আপত্তি দিতেই পারেন। তবে স্বচ্ছভাবে লটারি হয়েছে।’