বাবুগঞ্জে জমি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বাবুগঞ্জ উপজেলায় এক জমি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার মহানগর পুলিশের বিমানবন্দর থানাধীন মাধবপাশা ইউনিয়নে ওই ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম হারুন মোল্লা (৪৫)। তিনি মাধবপাশা ইউনিয়নের মেঘিয়া গ্রামের বাসিন্দা।
বরিশাল নগর পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, বুধবার বিকেলে বাসা থেকে বের হন হারুন মোল্লা। এরপর রাতে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। দিবাগত রাত দেড়টার দিকে বাড়ি থেকে একটু দূরে একটি সড়কসংলগ্ন মাঠে হারুনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে একটি গামছা ও এক টুকরো রড উদ্ধার করা হয়। নিহতের শরীরে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতের চিহ্ন আছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ধারণা করা হচ্ছে, হারুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।