বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চির ওপর গতকাল শনিবার একজন নার্সের ছেলে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে নার্স সুমা দের ছেলে সুকান্ত দেকে (২৪) ধারালো ছুরিসহ গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সকালে রোগীদের খাবার দেওয়ার সময় সুকান্ত দে বাবুর্চি ইয়াং রিং ম্রোর (২২) ওপর অতর্কিতে হামলা চালান। তাঁকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে মেরে ফেলে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। এ সময় হাসপাতালের নার্স ও রোগীর লোকজন ইয়াং রিংকে উদ্ধার করেন।
ইয়াং রিং ম্রো বলেন, ‘নার্স সুমা দে নিয়মিত কর্মস্থলে আসেন না। বিষয়টি সবাই জানেন। কিন্তু সুমা দের ধারণা, তাঁর কর্মস্থলে না থাকার বিষয়টি আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (ইউএইচএফপি) জানিয়েছি। সুমা দের উসকানিতে তাঁর ছেলে সুকান্ত আমার ওপর হামলা চালিয়েছেন।’
সুমা দে বলেন, তিনি দীর্ঘদিন অসুস্থ। চিকিৎসার জন্য তাঁকে চিকিৎসকের কাছে যেতে হয়। সে জন্য নিয়মিত কর্মস্থলে থাকতে পারেন না। এখনো তিনি চিকিৎসার জন্য চট্টগ্রামে আছেন। তিনি বলেন, ইয়াং রিংয়ের ওপর তাঁর ছেলে হামলা চালিয়েছেন কি না, সে ব্যাপারে তাঁর কিছু জানা নেই।
ভারপ্রাপ্ত ইউএইচএফপিও মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সুমা দে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত আছেন। তিনি বলেন, হামলার বিষয়টি থানায় জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত ইউএইচএফপিও বলেন, বাবুর্চি ইয়াং রিং ম্রোর শরীরের কয়েকটি স্থানে জখম হয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।