বাবুলকে গ্রেপ্তার করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহমুদা খানম হত্যা মামলায় তাঁর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেপ্তার করা হবে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, বাবুলকে গ্রেপ্তার করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই গ্রেপ্তার করা হবে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ মন্তব্য করেন।
মাহমুদা হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন কামরুল শিকদার ওরফে মুছাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করার পরও কেন তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না, এই প্রশ্নে শহীদুল হক বলেন, ‘নির্দিষ্ট সময় অপেক্ষা করে তাঁর (মুছা) অনুপস্থিতিতে অভিযোগপত্র দেওয়া হবে।’
গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় মাহমুদা খানমকে। আর ৬ অক্টোবর চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলন করে মুছাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা দেন।
এদিকে মাহমুদা খানম হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও তা হয়নি। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে গতকাল সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল। মামলার বাদী মো. কামরুজ্জামান চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার। তিনি মাহমুদা হত্যা মামলার তদন্ত কর্মকর্তাও।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গত ১৮ জানুয়ারি বাদীর আংশিক সাক্ষ্য গ্রহণ করেন আদালত। বাদী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ করা যায়নি। আগামী ২৭ মার্চ সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
জানতে চাইলে মামলার বাদী মো. কামরুজ্জামান জানান, সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি আদালতে সাক্ষ্য দিতে হাজির হতে পারেননি। আগামী ধার্য দিনে তিনি হাজির হবেন।
মাহমুদা হত্যার তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ গত বছরের ২৭ জুন নগরের বাকলিয়ার রাজাখালী এলাকা থেকে এহতেশামুল হক ওরফে ভোলাকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মনির হোসেন নামের আরেক ব্যক্তির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এহতেশামুল হক ও মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা করেন মো. কামরুজ্জামান। তদন্ত শেষে গত ২৮ জুলাই অস্ত্র মামলায় দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২২ নভেম্বর আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু করেন।