বাবুলের পদত্যাগকে স্বাভাবিকভাবে দেখছেন আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের পদত্যাগপত্র জমা দেওয়াকে স্বাভাবিকভাবেই দেখছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তবে পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে কি না, সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি তিনি।
আইজিপি বলেছেন, বাবুল আক্তার অব্যাহতি চেয়ে দরখাস্ত জমা দিয়েছেন। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা নেবে। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ-প্রধান এ কথা বলেন।
স্ত্রী খুন হওয়ার পর বাবুল আক্তারের পদত্যাগের ঘটনাকে স্বাভাবিকভাবে নিচ্ছেন কি না, জানতে চাইলে আইজিপি বলেন, ‘স্বাভাবিকভাবে নিচ্ছি। কারণ, ব্যক্তি হিসেবে তাঁর যদি চাকরি করার মানসিকতা না থাকে, তবে জোর করে চাকরি করাতে পারব না। এ জন্য পদত্যাগপত্র দাখিল করার প্রায় দেড় মাস পর সেটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’ তিনি বলেন, ‘আমি তো অপেক্ষা করেছি, যদি এর মধ্যে তার মানসিকতার পরিবর্তন হয়। কিন্তু সে অ্যাডামেন্ট (অনড়), চাকরিই করবে না।’
গত ৫ জুন সকালে চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বাবুলের স্ত্রী মাহমুদা খানম। এর দুই দিন আগে চট্টগ্রাম থেকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে বদলি হয়ে আসেন বাবুল। এরপর ২৪ জুন গভীর রাতে ঢাকার খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ার শ্বশুরবাড়ি থেকে বাবুলকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আবার তাঁকে শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়া হয়। ওই জিজ্ঞাসাবাদের সময় পদত্যাগপত্রে সই করেন বাবুল। কিন্তু এখন বাবুল বলছেন, পদত্যাগপত্রে সই করতে তাঁকে বাধ্য করা হয়েছে।