বাম চোখে দেখছেন না বীণা পিরিস
নাটোরের বড়াইগ্রামের কালিকাপুর এলাকার খ্রিষ্টান দম্পতির ওপর হামলার ঘটনায় আহত বীণা পিরিস বাম চোখে কিছু দেখছেন না। তবে স্বামী গ্যাব্রিয়েল কস্তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। এদিকে ওই হামলার ঘটনায় গতকাল শুক্রবার রাতে বড়াইগ্রাম থানায় একটি মামলা করেছেন আহত দম্পতির ছেলে পুলক কস্তা।
পাটোয়ারি হাসপাতালের চিকিৎসক সিদ্দিক পাটোয়ারি আজ শনিবার প্রথম আলোকে বলেন, গ্যাব্রিয়েল কস্তার কিছুটা শারীরিক উন্নতি হয়েছে। তবে তাঁর স্ত্রী বীণা পিরিসের অবস্থা অপরিবর্তিত। তিনি বাম চোখ কিছুই দেখছেন না। বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে চিকিৎসা করানোর জন্য তাঁর স্বজনদের পরামর্শ দেওয়া হয়েছে।
বনপাড়ার সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক গ্যাব্রিয়েল কস্তা ও বীণা পিরিস বুধবার থেকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরের দিকে গ্যাব্রিয়েল কস্তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য বীণা পিরিসকে রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাঁদের মেয়ে নীলা কস্তা। নীলা কস্তা নিজেও একজন চিকিৎসক।
এদিকে বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, আহত খ্রিষ্টান দম্পতির ছেলে পুলক কস্তা গত রাত ১০টার কিছু পরে বড়াইগ্রাম থানায় তাঁর বাবা-মায়ের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা ও নগদ টাকাসহ মালামাল চুরির লিখিত অভিযোগ করেন। অভিযোগটি রাতেই মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এতে অজ্ঞাত পরিচয় উল্লেখ করে ছয়/সাতজনকে আসামি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে অপরাধীদের খুঁজে বের করতে বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক ইউনুস কবিরাজ (৩১), রুবেল পাঠান (২৪), লিটন হোসেন (৩০), বাচ্চু কসাই (৩৮), নাজমুল হোসেন (৫০), বাবু হোসেন (৩০) ও জিয়াউর রহমানকে (৩০) জিজ্ঞাসাবাদ শেষে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে নিয়ে তাঁদের আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।
গত বুধবার রাতে দুর্বৃত্তরা কালিকাপুরের সাবেক শিক্ষক গ্যাব্রিয়েল কস্তা ও তাঁর স্ত্রী বীণা পিরিসের শয়ন কক্ষে ঢুকে তাঁদের ওপর হামলা চালায়। তাঁদের মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। প্রায় ৪০ ঘণ্টা পর তাঁদের জ্ঞান ফিরে আসে।
আরও পড়ুন...