বামনায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকে কুপিয়ে হত্যা
বরগুনার বামনা উপজেলায় আবদুল জব্বার খান (৫৭) নামের অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত নয়টার দিকে উপজেলা শহরের বেগম ফাইজুন্নেসা মহিলা কলেজের পেছনের সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আবদুল জব্বার খান বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নৌযানচালক। বর্তমানে তিনি অবসরকালীন ছুটি ভোগ করছেন। হত্যাকাণ্ডের ঘটনায় জব্বারের ছেলে নেছার উদ্দিন চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলায় বামনা উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আলম ওরফে মহারাজ, তাঁর ছোট ভাই কামরুল হাসান, দুই সহযোগী মিয়াজ (৩০) ও মাসুম বিল্লাহকে আসামি করা হয়েছে। বামনা থানার পুলিশ বুধবার গভীর রাতে মিয়াজকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত নয়টার দিকে আবদুল জব্বার ও তাঁর ছেলে নেসার উদ্দিন বামনা বাজারে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। ফাইজুন্নেছা মহিলা কলেজের পেছনের সড়কে পৌঁছালে মামলার আসামিরা প্রথমে নেসার উদ্দিনের ওপর হামলা চালান। নেসার রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যান। নেসারকে রক্ষা করতে তাঁর বাবা জব্বার এগিয়ে গেলে আসামিরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে জব্বারকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
নেসার উদ্দিন অভিযোগ করে বলেন, ‘গত উপজেলা পরিষদের নির্বাচনে আমি বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করি। এ নিয়ে উপজেলা যুবলীগের সভাপতির ছোট ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বেশ কয়েকটি মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়। এরপর দীর্ঘদিন ধরে ওরা আমাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এ জন্য বাবা আমার নিরাপত্তার কথা ভেবে চাকরির বয়স থাকা অবস্থায় অবসরে আসেন। তিনি প্রতিদিন বাড়ি থেকে আমাকে ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়ে যেতেন এবং সন্ধ্যার পরপরই আবার বাড়িতে নিয়ে আসতেন।’
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা মামলাটি খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আশা করি, অচিরেই মামলার সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’