বরগুনার বামনা উপজেলায় ঘরে ঢুকে তুলি বেগম (১৯) নামের এক নারীকে তাঁর সাবেক স্বামী কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার জাফরাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তুলির মা খাদিজা বেগম বলেন, সোমবার রাত নয়টার দিকে তুলি বাড়ির রান্নাঘরে বসে রুটি তৈরি করছিলেন। এ সময় তুলির সাবেক স্বামী উপজেলার দক্ষিণ গোলাঘাটা গ্রামের মো. ওয়াজেদ মিয়ার ছেলে জামাল হোসেন (২৫) রান্নাঘরে ঢুকে রামদা দিয়ে তুলিকে উপর্যুপরি কোপান। তখন তুলির ডাক-চিৎকারে তাঁরা রান্নাঘরে গিয়ে দেখেন তুলি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছেন। এ সময় তুলি জানান, জামাল রান্নাঘরে ঢুকে তাঁকে রামদা দিয়ে কুপিয়েছেন। প্রতিবেশী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ আলম গুরুতর আহত তুলিকে রাত সাড়ে ১০টার দিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তুলির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল মঙ্গলবার সকালে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসান জাকির হোসেন বলেন, তুলির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অনেক আঘাত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। জামাল পলাতক।