বামনায় বোমা তৈরির সরঞ্জামসহ তিনজন আটক
বরগুনার বামনা ফেরিঘাট থেকে গত বুধবার রাতে দুটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুল লতিফ ওরফে বাবুল (৪২), গিয়াস উদ্দিন (২৮) ও লিটন (৩০)।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন বামনা ফেরিঘাট থেকে পাথরঘাটা যাওয়ার সময় বামনা-কাকচিঁড়া সড়কের ছফদার পুল এলাকায় টহল পুলিশ তাঁদের থামার সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেলের আরোহীরা সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে একটি মোটরসাইকেলসহ দুই আরোহী আবদুল লতিফ ও গিয়াস উদ্দিনকে ধরে ফেলে। এ সময় দুজনের শরীর তল্লাশি করে দুটি ককটেল, গানপাউডার, প্লাস্টিকের হাতমোজাসহ বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে দুজনের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল সকালে তাঁদের সহযোগী লিটনকে পাথরঘাটার কাকচিঁড়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ধারণা করা হচ্ছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জামায়াতের সক্রিয় কর্মী। বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম পাথরঘাটায় নেওয়া হচ্ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনের ৪ (৫) ধারায় একটি মামলা করেছে।