বামনায় মাদকসেবীদের হামলা গ্রামছাড়া পুলিশের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলায় মাদকসেবীদের হামলার শিকার হয়ে এক পুলিশ সদস্যের পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গুদিঘাটা গ্রামের কয়েকজন মাদকসেবী দুই দফায় ওই পরিবারের ওপর হামলা চালায় বলে জানা গেছে।
পুলিশ সদস্যের পরিবারের দাবি, ৭ জুন প্রথমবার হামলার ঘটনা ঘটে। এরপর নিরাপত্তাহীনতার কারণে পরিবারের সদস্যরা বামনা সদরে আশ্রয় নেন। গত শুক্রবার সন্ধ্যায় বামনা-বেতাগী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রব ও বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক তাঁদের বসতঘরে তুলে দেন। কিন্তু ওই দিন গভীর রাতে তাঁদের বাড়িতে আবারও হামলা চালায় মাদকসেবীরা।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৭ জুন সন্ধ্যায় পুলিশ সদস্য (কনস্টেবল) দিলীপ কুমার সরকারের বাড়ির সীমানার মধ্যে একই এলাকার মাইনুল ইসলামসহ আরও ৮-১০ জন গাঁজার আসর বসান। এ ঘটনায় দিলীপের বড় ছেলে প্রদীপ কুমার সরকার তাঁদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মাইনুল ও তাঁর সহযোগীরা তাঁকে মারধর শুরু করেন। ছেলের চিৎকারে প্রদীপের মা ছবি রানী ও ছোট ছেলে ঘর থেকে বেরিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়।
ঘটনার পর মঠবাড়িয়ার আমলি ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত দিলীপ কুমার সরকারকে বিষয়টি মুঠোফোনে জানানো হয়। তিনি এরপর বামনা থানায় ফোন করে ঘটনা পুলিশকে জানান। ওই দিন রাত ১০টার দিকে দিলীপ মোটরসাইকেলে করে বাড়িতে আসার সময় দক্ষিণ কাকিঁভচড়া এলাকায় দুর্বৃত্তরা তাঁকে মারধর করে। এরপর মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে বামনা থানার পুলিশ রাতে দিলীপের বাড়িতে যায় এবং ছবি রানীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরদিন সকালে ছবি রানী বাদী হয়ে মাইনুলসহ ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা করেন।
প্রদীপ জানান, মামলা দায়েরের পর মাদকসেবীদের অব্যাহত হুমকির কারণে তাঁরা বাড়িতে ফিরতে পারেননি। শুক্রবার রাতে পুলিশ প্রহরায় তাঁরা বাড়িতে এলেও ওই দিন দিবাগত রাতে তাঁদের বসতবাড়িতে আবারও হামলা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে মুঠোফোনে বামনা থানায় জানালে একদল পুলিশ তাঁদের বাড়িতে যায়।
দিলীপ কুমার সরকার জানান, গতকাল শনিবার সকালে পুলিশ চলে যাওয়ার পর থেকে সন্ত্রাসীরা মুঠোফোন ও নানাভাবে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। এ জন্য নিরাপত্তার অভাবে তাঁরা অন্যত্র চলে এসেছেন। এদিকে মামলা করার পর বেশ কয়েক দিন অতিবাহিত হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানান তিনি। তাঁর অভিযোগ, সরকারদলীয় একটি প্রভাবশালী মহল আসামিদের পক্ষে থাকায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না।
অভিযোগের বিষয়ে জানার জন্য মাইনুল ইসলামের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।
আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে ওপর মহলের কোনো চাপ নেই দাবি করে বামনা থানার ওসি ওমর ফারুক বলেন, তাঁদের গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। শুক্রবার রাতে পুনরায় হামলার ব্যাপারে তিনি বলেন, ‘শুক্রবার রাতে ওই বাড়িতে কোনো হামলার ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’