বায়োটেকনোলজি সভাপতির কক্ষে ছাত্রলীগের ভাঙচুর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের সভাপতির কক্ষে ঢুকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট বিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বায়োটেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক আনোয়ারুল হক ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ডি ইউনিটের সমন্বয়কারী হওয়ায় বুধবার তাঁর কক্ষে দুপুরে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের মৌখিক সাক্ষাৎকার চলছিল। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার তাঁর কয়েকজন কর্মীসহ ওই কক্ষে ঢোকেন। সেখানে থাকা একজন শিক্ষক তাঁকে ঢোকার কারণ জিজ্ঞাসা করলে অমিত তাঁদের সঙ্গে অসদাচরণ করেন। এরপর চেয়ার দিয়ে একটি বুকশেলফ ভাঙচুর করে চলে যান। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকেরা ওই বিভাগে যান। পরে অমিত বিভাগে এসে সভাপতিসহ শিক্ষকদের কাছে ক্ষমা চান।
অভিযোগ অস্বীকার করে অমিত কুমার বলেন, ‘আমাদের কিছু কর্মীর সঙ্গে বায়োটেকনোলজি বিভাগে কোনো একটি বিষয়ে ঝামেলা হয়েছে শুনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ভাই এবং আমি ওই বিভাগে গিয়ে বিষয়টির সমাধান করে দিয়েছি মাত্র।’