চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট বাজারে গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি সোনার দোকানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের ছোড়া ককটেলের বিস্ফোরণে এক ব্যবসায়ীসহ তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় একদল সশস্ত্র ডাকাত বারইয়ারহাট পৌর বাজারের মসজিদ রোডের শামীম জুয়েলার্সে হানা দেয়। ডাকাতেরা অস্ত্রের মুখে দোকানের মালিক ও কর্মচারীদের জিম্মি করে লুটপাট শুরু করে। ডাকাতেরা দোকানে ঢোকার সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেলের স্প্লিন্টারে এক ব্যবসায়ীসহ তিনজন আহত হন। ডাকাতির ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন দোকানের দিকে এগিয়ে গেলে ডাকাতেরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে বারইয়ারহাট থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন স্থানীয় ব্যবসায়ী মো. শাহাজান (৬০) ও স্কুলশিক্ষার্থী ইমরান হোসেন অনিক (১২)। এ ঘটনায় আহত পথচারীর নাম জানা যায়নি। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।
বারইয়ারহাট পৌর বাজারের ছালেহা মার্কেটের মালিক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ডাকাতেরা সংখ্যায় পাঁচ-ছয়জন ছিল। তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এ ধরনের ডাকাতির ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী দিদারুল ইসলাম বলেন, সোনার দোকানে ডাকাতি করে ডাকাতেরা একটি মাইক্রোবাসে করে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক দিয়ে ফেনীর দিকে চলে যায়। তাদের অনেকের হাতে অস্ত্রও ছিল।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মালিকের দাবি, দোকান থেকে ২০০ ভরি সোনা লুট হয়েছে। তিনি বলেন, চলে যাওয়ার সময় ডাকাতেরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি।