বারবার দুর্ঘটনা ঘটিয়েও পার পাচ্ছেন তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফৌজদারহাটে গত ৯ জুলাই তেলবাহী ওয়াগন দুর্ঘটনার জন্য লোকোমাস্টার (চালক) উত্তম কুমার ভট্টাচার্যকে দায়ী করা হয়। এর আগে গত বছর তিনটি ট্রেন লাইনচ্যুতির ঘটনায়ও তাঁকে দায়ী করা হয়েছিল। কিন্তু বারবার দুর্ঘটনা ঘটিয়েও পার পেয়ে যাচ্ছেন তিনি।
রেলওয়ে সূত্র জানায়, গত ৯ জুলাই ফৌজদারহাট স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। সংকেত না থাকা সত্ত্বেও ওই তেলবাহী ট্রেনটি স্বাভাবিকের চেয়ে বেশি গতিতে লাইনে উঠে পড়ে। এ সময় ট্র্যাপ থাকার কারণে ছয়টি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়।
এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে তেলবাহী ট্রেনের চালক উত্তম কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় বিভাগীয় পর্যায়ে দুটি তদন্ত কমিটি করা হয়। একটি কমিটি ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে দুর্ঘটনার জন্য প্রধানত লোকোমাস্টার উত্তমকে দায়ী করে কঠোর শাস্তির সুপারিশ করা হয়। এ ছাড়া সহকারী লোকোমাস্টার দিদার হোসেনকেও দায়ী করা হয়।
এ বিষয়ে বিভাগীয় তদন্ত কমিটির প্রধান বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইফতেখার প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিবেদন জমা দিয়েছি। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে তাঁর (উত্তম) বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন। শুধু এই দুর্ঘটনা নয়, অতীতেও তিনি বেপোরোয়াভাবে আরও দুর্ঘটনা ঘটিয়েছেন। এবার শাস্তি তিনি পাবেন।’
ডিটিওর নেতৃত্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে ওই দুর্ঘটনায় ৩০ লাখ টাকার ফার্নেস অয়েল নষ্ট হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, এ ছাড়া ওই দুর্ঘটনায় প্রকৌশল, যান্ত্রিক, সংকেত ও বাণিজ্যিক বিভাগের প্রায় সোয়া ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
একই ঘটনায় প্রধান প্রকৌশলীর নেতৃত্বে গঠিত অপর একটি কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি। তবে প্রতিবেদন তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, ওই কমিটিও লোকোমাস্টারের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ পেয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, উত্তম কুমার ভট্টাচার্যকে আগেও একাধিক দুর্ঘটনার জন্য দায়ী করা হয়। গত বছরের ২৫ এপ্রিল, ২৬ জুন ও ১৪ আগস্ট পৃথক তিনটি ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি উত্তমকে দায়ী করে। ওই তিনটি দুর্ঘটনার জন্য তাঁকে তিরস্কার ও সতর্ক করা হয়ে।
রেলওয়ে সূত্র জানায়, সহকারী লোকোমাস্টার থাকার সময় দুর্ঘটনাজনিত কারণে উত্তমের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত করা হয়। এরপর ২০০২ সালে ওই স্থগিতাদেশ বিশেষ বিবেচনায় মাফ করে তাঁকে তিরস্কার করা হয়। এর আগে ১৯৯৯ সালের জুলাই মাসে ট্রেনচালানোসংক্রান্ত একটি অপরাধে ছয় মাসের জন্য তাঁর বেতন বৃদ্ধি স্থগিত করা হয়। একই বছর ২১ ডিসেম্বর একই ধরনের অপরাধের জন্য তাঁর বেতন বৃদ্ধি ছয় মাস স্থগিত করা হয়। সর্বশেষ গত বছরের ৫ মে তাঁর বেতন বৃদ্ধি ছয় মাসের জন্য স্থগিত করা হয়।
জানতে চাইলে অপর তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) বলেন, কমিটির আহ্বায়ক (প্রধান প্রকৌশলী) ব্যস্ত থাকায় প্রতিবেদন দেওয়া সম্ভব হয়নি। শিগগির প্রতিবেদন দেওয়া হবে।
প্রসঙ্গত, দুর্ঘটনার এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল।