নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সিংধা ইউনিয়নের ধারাম গ্রামের সামনের সড়ক থেকে গতকাল সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বারহাট্টা থানার পুলিশ সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জাহাঙ্গীর হোসেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদানের জন্য গত ১০ ফেব্রুয়ারি সকাল নয়টার দিকে গাড়িতে করে নেত্রকোনার উদ্দেশে রওনা হন। গাড়িটি সাড়ে নয়টার দিকে বারহাট্টা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের মোড়ে পৌঁছালে কাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ১০-১২ জন লোক গাড়িটির গতি রোধ করেন। এ সময় ইউএনও ও তাঁকে বহনকারী সরকারি গাড়িটি পেট্রলবোমা মেরে পুড়িয়ে ফেলার হমকি দেন ওই ইউপি চেয়ারম্যান। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আসামি করে ইউএনওর গাড়িচালক মো. আবদুল খালেক বাদী হয়ে ওই রাতেই থানায় মামলা করেন। গতকাল ইউপি চেয়ারম্যান বারহাট্টা থেকে মোটরসাইকেলে মোহনগঞ্জে যাওয়ার পথে বেলা দেড়টার দিকে সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, ইউএনওর গাড়িচালকের দায়ের করা মামলায় কাজী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি ‘ইউএনওকে চেয়ারম্যানের হুমকি’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।