বারহাট্টায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত সপ্তাহে মন্ত্রণালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো এক চিঠি সূত্রে এ কথা জানা গেছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারহাট্টা সদর ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে ওই ইউনিয়নে গত অর্থবছর বরাদ্দ দেওয়া এলজিএসপি-২ প্রকল্পের ১৩ লাখ ১২ হাজার ২৬১ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। গত ৯ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. নূরুল বাসির স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি গত সপ্তাহে ইউএনওর কার্যালয়ে আসে।
বারহাট্টা সদর ইউপির চেয়ারম্যান দাবি করেন, ‘যখন এ প্রকল্পের কাজগুলোর তদন্ত হয়েছিল, তখন আমি জেলে ছিলাম। তাই প্রকল্পের কাজে সাইনবোর্ড না থাকায় কাজ হয়নি বলে প্রতিবেদন দেওয়া হয়েছিল। আমি কোনো অর্থ আত্মসাৎ করিনি। সাবেক ইউএনও আমাকে হয়রানি করার জন্য এ-সংক্রান্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন।’