বারহাট্টায় কলেজছাত্র খুন, আটক ১
নেত্রকোনার বারহাট্টায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত আজিজুল হক (২০) নামের এক কলেজছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ এক তরুণকে আটক করেছে। গত বুধবার ভাটি নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুল হক ভাটি নোয়াপাড়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভাটি নোয়াপাড়া গ্রামের মঞ্জুরুল হকের সঙ্গে একই গ্রামের সিদ্দিকুর রহমানের জমি নিয়ে বিরোধ ছিল। গত বুধবার রাত আটটার দিকে মঞ্জুরুলের ছেলে আজিজুল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ছয়টার দিকে তিনি মারা যান। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল সকালে সিদ্দিকুর রহমানের ছেলে রিফাত মিয়াকে (২৩) পুলিশ আটক করে।
বারহাট্টা থানার ওসি মো. সালেমুজ্জাম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।