বারহাট্টায় বন্ধুর ইটের আঘাতে কিশোর নিহত
নেত্রকোনার বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামে বন্ধুর ইটের আঘাতে এক কিশোর নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় চায়ের দোকানে টেলিভিশন বন্ধ করা নিয়ে ওই দুজনের মধ্যে সংঘর্ষ হয়। পরে রাতে ওই কিশোরের মৃত্যু হয়।
নিহত ফাহিম মিয়া আলোকদিয়া গ্রামের দিনমজুর সিরাজ মিয়ার ছেলে। ফাহিমও দিনমজুরি করত। তার বন্ধু রহমত আলী (১৪) ওই গ্রামের দিনমজুর আবদুল কাদিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিম ও রহমত শনিবার সন্ধ্যায় আলোকদিয়া বাজারে একটি চায়ের দোকানে বসে টেলিভিশনে সিনেমা দেখছিল। এ সময় ফাহিমের হাত থেকে টিভির রিমোট কেড়ে নিয়ে তা বন্ধ করে দেয় রহমত। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। আশপাশের লোকজন তাদের শান্ত করে। কিছুক্ষণ পর তারা ওই দোকান থেকে বের হয়ে আবারও ঝগড়া শুরু করে। একপর্যায়ে পরস্পরের দিকে তারা ইটপাটকেল ছোড়ে। রহমতের ছোড়া ইট ফাহিমের মাথায় লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রওনা হয়। পথিমধ্যে রাত পৌনে ১২টার দিকে ফাহিম মারা যায়। পরে তাঁরা লাশ বাড়িতে নিয়ে যান।
ফাহিমের বাবা সিরাজ মিয়া গতকাল সকাল সাড়ে ১০টায় মুঠোফোনে বলেন, বিষয়টি নিয়ে মামলা-মোকদ্দমা করতে চান না। ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের জন্য তিনি আবেদন করেছেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রহমত ও তার পরিবারের সদস্যরা বাড়িতে নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত কিশোরের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।