
সিলেট কালেক্টরেট ভবনের তৃতীয় ব্লকের বারান্দায় এলোপাতাড়ি করে রাখা হয়েছে ১৯টি মোটরসাইকেল ও তিনটি বাইসাইকেল। মেঝেতে ছড়ানো-ছিটানো নানা ধরনের ময়লা-আবর্জনা। দেয়ালে স্থানে স্থানে লেগে আছে পানের পিক।
এ চিত্র গতকাল বৃহস্পতিবারের।
জেলা প্রশাসনের দুজন কর্মচারী জানান, চারতলাবিশিষ্ট কালেক্টরেট ভবনের নিচতলায় ভবনটির ভেতরের বারান্দায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘বারান্দায় পার্কিং নিষেধ’ লেখাসংবলিত সাইনবোর্ড সাঁটানো রয়েছে। তবে এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে খোদ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা বারান্দায় মোটরসাইকেল ও বাইসাইকেল রাখছেন। এতে করে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে আসা মানুষ নির্বিঘ্নে হাঁটতে পারছেন না।
গতকাল বেলা দেড়টার দিকে সরেজমিনে দেখা গেছে, চারতলা ভবনের চতুর্থ তলা ছাড়া অন্য তিনতলায় মেঝে ও সিঁড়ির যত্রতত্র পরিত্যক্ত কাগজ, সিগারেটের খালি প্যাকেট ও প্রচুর পরিমাণে ধুলা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দেয়ালের নানা অংশে লেগে রয়েছে পানের পিক। এ রকম নোংরা অবস্থা দীর্ঘদিন ধরে থাকলেও তা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় না বলে সেবা নিতে আসা কয়েকজন অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, ভবনটি ২০০৬ সালের ১৬ জুলাই উদ্বোধন হওয়ার পর থেকেই নিচতলার ভেতরের বারান্দায় খোদ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা মোটরসাইকেল রাখছেন। অথচ ভবনটির বাইরে খোলা মাঠে পার্কিংয়ের পর্যাপ্ত জায়গাও রয়েছে। অথচ এ ভবনে জেলা রেকর্ড রুম শাখা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত, বিআরটিএর মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর অবস্থিত।
গতকাল দুপুরে বিআরটিএ কার্যালয়ে আসা নগরের বাগবাড়ি এলাকার বাসিন্দা হোসেন আহমদ বলেন, ভবনটির মেঝে ও সিঁড়ি নিয়মিত পরিচ্ছন্ন না করায় পুরো ভবনটি নোংরা ও বিশ্রী অবস্থায় রয়েছে। সারাক্ষণ ধুলা ওড়ে। খোদ জেলা প্রশাসনের কার্যালয়ে এসে মানুষকে এমন বিশ্রী অবস্থা দেখতে হয়। এটা নেতিবাচক বার্তা দেয়। এ ছাড়া ভবনের নিচতলার ভেতরে অবৈধভাবে পার্কিং চালুর বিষয়টিও শোভনীয় নয়। খোদ প্রশাসনের কর্মকর্তারাই নিয়ম ভঙ্গ করলে সাধারণ মানুষ আইন ভাঙতে উৎসাহিত হবেন।
সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ ,পার্কিং করলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ভবনটি যেন নিয়মিত পরিচ্ছন্ন রাখা হয়, সে ব্যাপারেও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হবে।’