বার্ডের কর্মচারী সাময়িক বরখাস্ত
ভুয়া ই-মেইল আইডি ব্যবহার করে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) কর্মকর্তাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে প্রতিষ্ঠানটির এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই কর্মচারীর নাম আসাদুজ্জামান। তিনি বার্ডের গবেষণা বিভাগের স্টেনোটাইপিস্ট। তাঁর বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ বাগমারা গ্রামে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর বরখাস্তের বিষয়টি বার্ড সূত্র নিশ্চিত করে। বার্ডের অন্তত তিনজন কর্মকর্তা জানান, স্টেনোটাইপিস্ট আসাদুজ্জামান তাঁর কম্পিউটার থেকে ভুয়া ই-মেইল আইডি ব্যবহার করে বার্ডের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। এর পরিপ্রেক্ষিতে বার্ড কর্তৃপক্ষের কাছে করা একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ২০ জুলাই আসাদুজ্জামানের কম্পিউটার জব্দ ও চেক করে এর প্রমাণ পাওয়া যায়। বার্ডের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ বলেন, তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা