লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের প্রশ্ন ফাঁসের ঘটনায় এক শিক্ষকের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁর নাম শফিকুল ইসলাম। তিনি আদিতমারীর সাপ্টিবাড়ী নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তৈরি করা দুটি তদন্ত প্রতিবেদন থেকে এ কথা জানা যায়।
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত রোববার রাতে তদন্ত প্রতিবেদন দুটি দাখিল করেন।
জেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে বলা হয়, শফিকুল ইসলামের দায়িত্বে অবহেলার কারণে প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
প্রশ্ন ফাঁসের দায় স্বীকার করে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ক্ষমা চেয়েছেন। আদিতমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে বলা হয়, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম গণিতের প্রশ্নপত্র সংগ্রহ করে বিদ্যালয়ের আলমারিতে রেখে দেন। কিন্তু প্রশ্নপত্রের প্যাকেটের সিলগালা অক্ষত ছিল না। এতে প্রাথমিকভাবে প্রমাণিত হয়, তাঁর কাছ থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও শফিকুল ইসলামকে পাওয়া যায়নি। গত রোববার প্রথম আলোয় ‘এবার বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।