বার্ষিকের প্রশ্নপত্র ফাঁসের সত্যতা মিলেছে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বার্ষিক পরীক্ষায় চতুর্থ শ্রেণির ইংরেজি ও গণিত প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্তে অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় নিশ্চিতসহ উপজেলা শিক্ষা কর্মকর্তার কর্তব্যে অবহেলারও প্রমাণ মিলেছে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিইও) এস এম আবদুর রহমান গতকাল সোমবার ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দামুড়হুদা উপজেলার পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের একটি কোচিংয়ের পরিচালক মো. সেলিম দর্শনার কাজী ফটোস্ট্যাট থেকে প্রশ্নপত্র ফটোকপি করেন ও অন্যদের কাছে ছড়িয়ে দেন। দামুড়হুদার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে (ইউইও) নুরজাহান বেগম ৬ ডিসেম্বর রাতে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি জানালেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি। বরং ফাঁস হওয়া প্রশ্নপত্রেই পরীক্ষা নিয়েছেন।
এদিকে স্থগিত করা গণিত পরীক্ষা গতকাল নতুন প্রশ্নপত্রে নেওয়া হয়। বাতিল করা ইংরেজি পরীক্ষা গ্রহণের দিন ২০ ডিসেম্বর ধার্য রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর দামুড়হুদা উপজেলার ১১৫টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বার্ষিক পরীক্ষা শুরু হয়। সময়সূচি অনুযায়ী ওই দিন চতুর্থ শ্রেণির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। পরদিন গণিতের। কিন্তু ৬ ডিসেম্বর রাতে দামুড়হুদার দর্শনা থেকে ইংরেজি ও গণিত প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। পরদিন সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) গোলাম নবী ইউইও-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অথচ ডিপিইওর নির্দেশ উপেক্ষা করে ইউইও নুরজাহান বেগম ফাঁস হওয়া প্রশ্নপত্রেই রোববার দুপুরে ইংরেজি পরীক্ষা নেন।
এ ব্যাপারে ৮ ডিসেম্বর প্রথম আলোর বিশাল বাংলা পাতায়, ‘ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা, পরে স্থগিত। তিন সদস্যের তদন্ত কমিটি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
৮ ডিসেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও দামুড়হুদা ইউএনও কার্যালয় থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। শিক্ষা কার্যালয়ের তদন্ত কমিটি গতকাল প্রতিবেদন জমা দিয়েছে। ইউএনওর গঠিত কমিটির আজ মঙ্গলবার জমা দেওয়ার কথা।
ডিপিইও গোলাম নবী বলেন, ইউইওর কর্তব্যে অবহেলার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। প্রশ্ন ফাঁসের বিষয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হলে তিনি লিখিতভাবে স্ববিরোধী বক্তব্য দিয়েছেন।
এ বিষয়ে ইউইও নুরজাহান বেগমের বক্তব্য জানতে সোমবার (গতকাল) দুপুরে দামুড়হুদা উপজেলা শিক্ষা কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। যোগাযোগ করার চেষ্টা করে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।