বালতিতে পেলেন মেয়ের নিথর দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোসলের জন্য বাথরুমে বালতিতে পানি ভর্তি করেছিলেন শম্পা বেগম। কিন্তু এর আগে উঠোনের কাজগুলো সেরে ফেলতে চাইলেন তিনি। তাই দুই বছরের মেয়ে ঈসাকে ঘরে রেখে​ই কাজ শুরু করেন। কাজ শেষে ঘরে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। কিন্তু মেয়ের কোনো সাড়া নেই। খুঁজতে খুঁজতে একপর্যায়ে বাথরুমে সেই বালতিতে পান মেয়ের নিথর দেহ।

আজ শনিবার নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। শম্পার স্বামী বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রগতি কর্মসূচির চিলাহাটি শাখার কর্মকর্তা ইসমাইল হোসেন। ঈসা তাঁদের একমাত্র সন্তান ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূত্রে এই পরিবারটি এক মাস আগে চিলাহাটি বাজারসংলগ্ন কামাতপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের বাসা ভাড়া নেন।

স্থানীয় বাসিন্দা তোজাম্মেল হোসেন বলেন, শিশুটির মা বাথরুমে গোসলের জন্য বালতিতে পানি ভর্তি করে কিছু সময়ের জন্য ঘরের বাই​রে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে ওই বালতিতে উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎ​কার শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মুঠোফোনে কথা বললে চিলাহাটি পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, ঘটনাটি জেনেছি। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি।